
শুভেন্দু অধিকারী ও পঙ্কজ দত্ত।
শেষ আপডেট: 24 October 2024 00:20
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন আই জি পঙ্কজ দত্তের শারীরিক অসুস্থতার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বারাণসীতে একটি সভায় উপস্থিত হয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ। সেখানকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার এমন খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন শুভেন্দু।
বিরোধী দলনেতার অভিযোগ, 'অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তের শারীরিক অবস্থা জেনে স্তম্ভিত আমি। ২০১১ সালে পশ্চিমবঙ্গের আই জি হিসেবে অবসর নেন উনি, এখনও অচেতন রয়েছেন। উত্তরপ্রদেশের বারাণসী হাসপাতালে ওঁর চিকিৎসা চলছে। ওঁর আচমকা এই অসুস্থতার জন্য পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।'
শুভেন্দুর আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচক হিসাবে পরিচিত পঙ্কজ দত্ত। মূলত পুলিশের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করতে দেখা যেত তাঁকে। সে কারণেই বেশ কিছু সময় ধরে কলকাতা পুলিশ এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাঁকে হেনস্থা করেন।
I am literally stunned to learn that Retired IPS Officer; Shri Pankaj Dutta is critically ill. Shri Pankaj Dutta, who retired as the Inspector General of West Bengal Police in 2011, is still unconscious and is receiving treatment at a Hospital in Varanasi; Uttar Pradesh.
— Suvendu Adhikari (@SuvenduWB) October 23, 2024
I won't…
এরপরই আরজি করের প্রসঙ্গ মনে করিয়ে শুভেন্দু লেখেন, ‘সম্প্রতি আরজি করের ঘটনায় কলকাতা পুলিশের নিন্দা করেছিলেন পঙ্কজ দত্ত। এরপর বড়তলা থানায় তাঁকে ডেকে পাঠানো হয়। দিনভর তাঁকে বসিয়ে রাখা হলেও এক কাপ চা পর্যন্ত দেওয়া হয়নি। মমতার পুলিশ ওঁর স্বাস্থ্যের এমন অবস্থার জন্য দায়ী। ওঁকে চূড়ান্ত মানসিক অশান্তিতে রাখা হয়েছিল।’
ফিলোজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার রাজ্য শাখার সভাপতি হিসেবে বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বারাণসী গিয়েছিলেন পঙ্কজ দত্ত। সেখানে বক্তব্য রাখার সময় তাঁর নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বারাণসীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীঘ্রই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।