দ্য ওয়াল ব্যুরো: আচমকা ফোনের কনট্যাক্ট লিস্টে জুড়ে যাচ্ছে একটা নম্বর। আর তা নিয়ে শুক্রবার থেকেই তোলপাড় গোটা দেশ। ইউআইডিএআই ( UIDAI ) নামে আধার সংক্রান্ত একটি হেল্পলাইন নম্বর যোগ হয়ে যাচ্ছে ফোনবুকে। সবার অজান্তে কীভাবে এই নম্বর সেভ হচ্ছে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে।
কীভাবে হচ্ছে এই আজব ঘটনা? কেই বা আছে এই ঘটনার নেপথ্যে?
শুক্রবারই আধার কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে, তারা কোনও টেলিকম অপারেটর বা কোনও ফোন প্রস্তুতকারক সংস্থাকে এরকম কোনও নির্দেশ দেয়নি। শনিবার এই ভুলের দায় স্বীকার করে নিল গুগল। এই সংস্থাই অ্যান্ড্রয়েড ফোনগুলিতে ওই নম্বর সেভ করে দিয়েছে বলে জানিয়েছে। ভারতের অ্যান্ড্রয়েড ফোনগুলির জন্য সেট আপ করা উইজার্ডে ওই নম্বর সেভ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে গুগল। সংস্থার ইন্টারনাল রিভিউ-তে এই বিষয়টি সামনে এসেছে।
গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, কনট্যাক্ট লিস্টে ওই ফোন নম্বর থাকায় কোনও নতুন ডিভাইস নিলেও নম্বরটি ট্রান্সফার হয়ে যাচ্ছে। তবে নম্বরটি ম্যানুয়ালি ফোন থেকে ডিলিট করা সম্ভব বলে জানিয়েছে সংস্থা। অর্থাৎ, কেউ চাইলে নিজের ফোন থেকে নম্বরটি ডিলিট করতে পারে। আগামদিনে উইজার্ডে যাতে নম্বরটি না থাকে, সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। কয়েক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে জানানো হয়েছে।
ইউআইডিএআই ( UIDAI )-এর তরফে জানানো হয়েছে কনট্যাক্ট লিস্টে থাকা ১৮০০-৩০০-১৮৪৭ নম্বরটি পুরনো এবং অবৈধ। নতুন হেল্পলাইন নম্বরটি হল ১৯৪৭। গত দু’বছর ধরে ওই নতুন নম্বরটিই কার্যকর। তাই এই নম্বর সেভ থাকলেও আতঙ্কিত হয়ে পড়ার কিছু নেই। ম্যানুয়ালি সবাইকে ওই নম্বর ডিলিট করে দেওয়ার পরামর্শ দিয়েছে ইউআইডিএআই ( UIDAI )।