
শেষ আপডেট: 23 March 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে ৩ ফুটের গলিতে পুকুর বুজিয়ে কীভাবে বহুতল সেই নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। বেআইনিভাবেই যে নির্মাণ হয়েছিল, তা দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে ওই বেআইনি নির্মাণের আদৌ কোনও ব্লিডিং প্ল্যান ছিল কিনা, থাকলে কে অনুমতি দিয়েছিল- তা খতিয়ে দেখতে এবার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা।
বেআইনি নির্মাণের নেপথ্যে পুরসভার একাংশ আধিকারিককেই সম্প্রতি দুষেছিলেন মেয়র। গার্ডেনরিচ কাণ্ডে ইতিমধ্যেই পুরসভার একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র, ১ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র এবং একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে শোকজ করেছে পুরসভা। বদলি করা হয়েছে আরও চার ইঞ্জিনিয়রকে।
সূত্রের খবর, জমির চরিত্র বদল কীভাবে করা হয়েছিল বা আদৌ বদল করা হয়েছিল কি না, বহুতল নির্মাণের ক্ষেত্রে দমকল, সিইএসসি, কলকাতা পুরসভা-সহ যে জায়গাগুলি থেকে বিল্ডিং প্ল্যানের অনুমতি নিতে হয়, সেগুলিও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে কী দামে ফ্ল্যাটগুলি বিক্রি করা হয়েছিল, বিক্রির ক্ষেত্রে সঠিক পদ্ধতি মানা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখবে কমিটি।
একইসঙ্গে তদন্ত কমিটি খতিয়ে দেখবে বহুতলের নির্মাণ সামগ্রীর মানও অর্থাৎ বহুতল নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় সিমেন্ট-সহ অন্যান্য সামগ্রী যথাযথ ব্যবহার করা হয়েছিল নাকি নিম্নমানের ব্যবহার করা হয়েছিল, তাও যাচাই করে দেখবে।
মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গঠিত সাত সদস্যের কমিটির রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার, সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, কলকাতার বি এল আর ও, কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মুগ্ধা চক্রবর্তী। ৭ দিনের মধ্যে কমিটিকে মেয়রের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে একটি বেআইনি নির্মাণ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।