
শেষ আপডেট: 9 April 2023 09:31
দ্য ওয়াল ব্যুরো: উবারের (Uber) পরিষেবা নিয়ে যাত্রীদের অসন্তোষ নতুন নয়। কখনও অতিরিক্ত ভাড়া, কখনও আবার এসি না চালানো- সব মিলিয়েই যাত্রীদের অভিযোগের শেষ নেই। কিন্তু চালকরা? কর্মী হিসেবে তাঁদের প্রতি উবারের ব্যবহার নিয়ে তাঁরাও কি আদৌ সন্তুষ্ট? নাকি তাঁরা বেশিরভাগ ক্ষেত্রেই 'টেকেন ফর গ্র্যান্টেড?' তা বোঝার জন্যই একটি ক্যাম্পেন শুরু করছিল অ্যাপ ক্যাব সংস্থাটি। আর তাতেই উবার চালক সেজে মাসের পর মাস যাত্রী পরিবহণের কাজ করেছেন স্বয়ং সংস্থার সিইও দারা খোসরোশাহী (Dara Khosrowshahi)। একটি ইন্টারভিউতে সম্প্রতি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দারা।
দীর্ঘদিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছিল, উবার নাকি চালকদের প্রতি বন্ধুসুলভ আচরণ করে না। তাঁদের অনেক সমস্যার ব্যাপারে নাকি উদাসীন অ্যাপ ক্যাব সংস্থাটি। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসেই 'প্রজেক্ট বুমেরাং' নামে নতুন ক্যাম্পেন শুরু করেছিল উবার। যার উদ্দেশ্য ছিল, সংস্থার অধীনে কাজ করা চালকদের উবারের বিষয়ে অভিজ্ঞতা কেমন, তা যাচাই করা এবং তা আরও উন্নত করা। আর তখনই উবার চালকদের জুতোয় পা গলিয়ে তাঁদের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করেন সিইও দারা। নিজের পরিচয় গোপন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কয়েক মাস ধরে সাধারণ চালক হিসেবে যাত্রীদের পরিষেবা দেন দারা। আর তাতেই তিনি উপলব্ধি করেন, চালকদের 'টেকেন ফর গ্রান্টেড' হিসেবে নেওয়ার যে অভিযোগ ছিল, তা বহুলাংশেই সত্যি।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সেই সাক্ষাৎকারে দারা জানিয়েছেন, 'আমার মনে হয়, সামগ্রিকভাবে এই ইন্ডাস্ট্রি বহু ক্ষেত্রেই চালকদের 'ফর গ্র্যান্টেড' হিসেবে নিয়েছে।'
https://twitter.com/dkhos/status/1644339794057756672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1644339794057756672%7Ctwgr%5Eec578892f493560c571f1934b772d14a30e684df%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fbusiness%2Fwhen-uber-ceo-worked-as-undercover-driver-rudeness-of-101680958899151.html
তিনি আরও জানিয়েছেন, কখনও এমন হয়েছে, দ্রুত পরিষেবা পাওয়ার জন্য যাত্রীরা ক্যাব বুক করার সময় যে টাকা টিপস হিসেবে দেবেন বলে জানিয়েছিলেন, পরিষেবা পাওয়ার পর তা আদৌ দেননি, কিংবা কমিয়ে দিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে অ্যাপ ব্যবহার করার সময় প্রযুক্তিগত সমস্যারও সম্মুখীন হতে হয়েছে তাঁকে। রাইড ক্যানসেল করার জন্য জরিমানাও দিতে হয়েছে দারাকে। অনেক সময় যাত্রীদের দুর্ব্যবহারও সইতে হয়েছে মুখ বুজে।
প্রসঙ্গত, ২০১৭ সালে উবারের সিইও হিসেবে যোগদান করেন দারা। প্রজেক্ট বুমেরাং নামে নতুন এই ক্যাম্পেন ও সেই বিষয়ে দেওয়া সাক্ষাৎকারের কথা টুইটারে শেয়ার করেছেন দারা নিজেই। ক্যাপশনে লিখেছেন, 'এখনও অনেক পথ বাকি, তবুও প্রতিদিনই পরিস্থিতি একটু একটু করে ভালো হচ্ছে।'
‘বেপর্দা’ নারীদের চিহ্নিত করতে এবার স্মার্ট ক্যামেরার নজরদারি, হিজাব নিয়ে আরও কঠোর ইরান