
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 3 April 2025 10:02
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র ২৬ হাজার চাকরি প্রাপকদের চাকরি কি থাকবে নাকি বাতিল হয়ে যাবে (26 thousand Job Cancellation)! বৃহস্পতিবার তার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court Hearing)।
শীর্ষ আদালত সূত্রের খবর, চাকরি বাতিল মামলার শুনানিতে এদিনই চূড়ান্ত রায়দান করতে পারে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে বৃহস্পতিবার সকাল থেকে সব পক্ষের নজর রয়েছে শীর্ষ আদালতের শুনানির দিকে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। তার আগে শুনানিতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন, "এই দুর্নীতি এমনভাবে করা হয়েছে যাতে কেউ অবৈধ নিয়োগ খুঁজে বার না করতে পারে। নিয়োগ দুর্নীতির স্পনসর রাজ্য সরকার। পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি। সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত।"
যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে একমত হয়নি সুপ্রিম কোর্ট। বিকাশরঞ্জনের সওয়ালের পরিপ্রেক্ষিতে সেদিন প্রধান বিচারপতি বলেন, "নতুন করে নিয়োগ মানে অনেক জটিলতা।" পাল্টা বিকাশ বলেন, "যারা পরীক্ষায় বসেছিলেন শুধু তাঁদেরই সুযোগ দেওয়া উচিত।"
প্রধান বিচারপতি এরপর স্পষ্ট করে জানতে চান "যারা কেবলমাত্র পরীক্ষায় বসেছিলেন তাঁদের?" মামলাকারীদের আইনজীবীর তরফে বিকাশ জানিয়ে দেন, "হ্যাঁ এবং বয়ঃসীমা তুলে দেওয়াও দরকার।"
ফলে শীর্ষ আদালত কী রায় দেয়, পরীক্ষা বাতিল করা হলে বয়ঃসীমা তুলে দেওয়া হবে কিনা, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে চাকরি বাতিলের মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার পরে মামলাটি এই নিয়ে তৃতীয়বার তাঁর এজলাসে উঠতে চলেছে। আদালতের রায়ের ওপরই নির্ভর করবে ২৬ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ।