দ্য ওয়াল ব্যুরো: রফতানির ক্ষেত্রে ভারতের কোন রাজ্য কোন জায়গায় রয়েছে তার তালিকা প্রকাশ করল নীতি আয়োগ। আর সেই তালিকার এক নম্বরে বিজেপি শাসিত রাজ্য গুজরাত। বাংলার অবস্থান প্রায় নিচের দিকে। তালিকার ২২ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। প্রথম সারিতে থাকা রাজ্যগুলি কত দেশে কী কী পণ্য রফতানি করে তাও উল্লেখ করেছে নীতি আয়োগ।
আরও পড়ুন
ভারত মোট কত পরিমাণে রফতানি করে তার হিসেব রাখে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা ডাইরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিসটিকস। তবে কোন রাজ্য কত পরিমাণে রফতানি করে তার তথ্য প্রকাশ করে না ডাইরেক্টরেট। বুধবার নীতি আয়োগ যে তালিকা প্রকাশ করেছে তাতে পরিমাণের উল্লেখ না করা হলেও কোন রাজ্য কোন জায়গায় রয়েছে তা বলা হয়েছে। সেই তালিকায় এক নম্বরে থাকা গুজরাত মোট ৪৮ দেশে হাই স্পিড ডিজেল রফতানি করে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্র ৭৭ দেশে হীরে ছাড়াও ১৯৮ দেশে অ্যান্টাসিড ট্যাবলেট রফতানি করে। আর রাজস্থান ১১১ দেশে রফতানি করে কাঠের আসবাব।
দক্ষিণের শিল্পে এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু মোটর গাড়ি, সুতির টি-শার্ট, শিশুদের পোশাক রফতানি করে। আর কর্নাটকের রফতানি পণ্যের মধ্যে রয়েছে হাই স্পিড ডিজেল, বিমানের জ্বালানি, সুতির টি-শার্ট। কেরলও অনেক কিছুই রফতানি করে। এর মধ্যে রয়েছে সোনার গয়না, মিনারেল অয়েল, কাজু বাদাম।
কৃষিজাত পণ্য রফতানির ক্ষেত্রে এগিয়ে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। পাঞ্জাবের সম্পদ বাসমতি চাল, উত্তরপ্রদেশের হাড় ছাড়া মাংস, অন্ধ্রপ্রদেশের চিংড়ি। বাসমতি চাল ছাড়াও হরিয়ানা রফতানি করে পোশাক, গাড়ির যন্ত্রপাতি এবং টার্বো জেট ইঞ্জিন। এই রাজ্য অটো শিল্পের জন্য খ্যাত।
বিশ্বের ১৬৮ দেশে অ্যান্টাসিড ট্যাবলেট পাঠায় তেলেঙ্গানা। এছাড়াও নানা দেশে পাঠায় নানা রকম রাসায়নিক, আকর গ্রানাইট এবং হাড় ছাড়া মাংস। খনিজ সম্পদে শক্তিশালী রাজ্যের মধ্যে ছত্তিসগড় এবং ঝাড়খণ্ড বিপুল পরিমাণে অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ইস্পাত রফতানি করে। খনিজ সম্ভারে ভরপুর সমুদ্র তীরবর্তী রাজ্য ওড়িশা অ্যালমুনিয়াম, কোরিয়াম কার্বন, ইস্পাত ছাড়াও প্রচুর পরিমাণে চিংড়ি রফতানি করে। হিমাচল প্রদেশ রফতানি করে অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক ও হাইপারটেনশনের ওষুধ। ত্রিপুরা পেঁয়াজ এবং শুঁটকি মাছ।
কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এক নম্বরে দিল্লি। রফতানি করে টার্বো জেট ইঞ্জিন, বাসমতি চাল এবং পোশাক। গোয়া আর পুদুচেরির রফতানি যোগ্য মূল পণ্য হল নানা রকমের ওষুধ।