
শেষ আপডেট: 17 February 2023 07:20
দ্য ওয়াল ব্যুরো: নিক্কি যাদব (Nikki Yadav) হত্যাকাণ্ডে (murder) এবার নতুন তথ্য প্রকাশ্যে এল। অভিযুক্ত সাহিল গেহলট (Sahil Gehlot) যে তার লিভ-ইন সঙ্গী নিক্কি যাদবকে খুন করেছেন, সেই খবর নাকি দু'জনের পরিচিত এক বন্ধুই দিল্লি (Delhi) পুলিশকে জানিয়েছিল। এই হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই ধীরে ধীরে একটার পর একটা রহস্যের জট খুলছে।
সূত্রের খবর, পুলিশের কাছে এক ব্যক্তি নিজেকে সাহিল এবং নিক্কি, দু’জনেরই বন্ধু বলে পরিচয় দিয়েছেন। এরপর তিনি এই খুনের ব্যাপারটি পুলিশকে জানান। তদন্তের শুরুতেই গ্রেফতার করা হয় সাহিলকে। পুলিশ জানিয়েছে, সাহিল বিয়ের পর নিক্কির দেহ ফ্রিজ থেকে বের করে লোপাট করার কথা ভেবেছিলেন। কিন্তু তার আগেই কোনও কারণে সন্দেহ হয় ওই ব্যক্তির। এরপর সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। এরপর তদন্তে নেমে গত ১৪ ফেব্রুয়ারি সেই ধাবার ফ্রিজ থেকে নিক্কির দেহ উদ্ধার করে করে পুলিশ।
ওই ব্যক্তি জানিয়েছেন, বিয়ের সময় সাহিলের হাবভাব দেখেই নাকি সন্দেহ হয়েছিল তাঁর। মনে হয়েছিল, কিছু একটা গণ্ডগোল হয়েছে। এরপরই দেরি না করে পুলিশকে খবর দেন তিনি।
ইতিমধ্যে 'প্রেমিক' সাহিল গেহলটের কাছ থেকে নিক্কির মোবাইল ফোনটিও উদ্ধার করেছে দিল্লি পুলিশ। এক অফিসার জানিয়েছেন, “নিক্কির ফোনের পাসওয়ার্ডও জানে সাহিল। আশা করা হচ্ছে, ফোনের ভিতরে আরও অনেক তথ্য পাওয়া যাবে, যা আমাদের তদন্তে কাজে লাগবে।”
পুলিশের দাবি, নিক্কিকে খুন করার পরে ফোনটি নিয়ে বহু ডেটা মুছে দিয়েছে সাহিল, জেরায় এমনটাই জানিয়েছে সে। সাহিলের ফোন আগেই বাজেয়াপ্ত করেছে আধিকারিকরা। আপাতত ওই দু’টি ফোনই তদন্তকারী অফিসাররা ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছেন। দু'টি ফোনেরই ডেটা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
নিক্কির ফোন হাতে পেল পুলিশ, পাসওয়ার্ড জানে সাহিল! চলছে ডিলিট করা ডেটা ফেরানোর চেষ্টা