.webp)
ভোট গ্রহণের ফাইল ছবি।
শেষ আপডেট: 6 May 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: মোটামুটি শান্তিতে বাংলায় দু'দফার ভোট প্রক্রিয়া মিটলেও আগামিকাল, মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনের শান্তিতে ভোট করানোর মূল পরীক্ষা শুরু হতে চলেছে। তৃতীয় দফায় মালদহ ও মুর্শিদাবাদের ৪ টি লোকসভা ও একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে।
৪ টি লোকসভা কেন্দ্রে মোট ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এর মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর থাকছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকছে ১২৬ কোম্পানি। মালদহ উত্তর ও দক্ষিণে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
৪টি লোকসভা কেন্দ্রে মোট ১৩৬০১ জন রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন থাকছে। জঙ্গিপুরে ২৬২৮, মালদহ উত্তর ও দক্ষিণে ৫৪৮২, মুর্শিদাবাদে ৫৪৯৪ রাজ্য পুলিশ থাকছে। কুইক রেসপন্স টিম থাকছে জঙ্গিপুরে ৬৩, মালদহে ১৪৩, মুর্শিদাবাদে ১২৫টি। একটা কিউআর টিমে ১ জন সুপারভাইজার, ১ জন গানম্যান, ৩ জন নিরাপত্তারক্ষী এবং ১ জন গাড়ি চালক থাকেন।
মঙ্গলবার স্পর্শকাতর দুটি লোকসভা কেন্দ্র জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট৷ দুই কেন্দ্রে মোট ভোট কর্মীর সংখ্যা ২৮৪৭০ জন। এর মধ্যে ২২০০ মহিলা ভোট কর্মী রয়েছেন। আগের দুই দফার মতোই যাতে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেটাই এখন লক্ষ্য কমিশনের।
মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ১৮৫১টি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। মালদহ দক্ষিণ কেন্দ্রের দুটি বিধানসভা ফরাক্কা ও সামশেরগঞ্জ রয়েছে মুর্শিদাবাদে। এই দুই বিধানসভা এলাকায় ৪৮৩টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। জঙ্গিপুর কেন্দ্রে মোট ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৮ লক্ষ ১০৭৪ জন ভোটার।
অন্যদিকে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৩৮টি। এই লোকসভায় চারটি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। কমিশনের হিসেবে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ৪৪১টি। এই কেন্দ্রে ১১ জন প্রার্থীর ভাগ্য ঠিক করবেন ১৯ লক্ষ ৮৬ হাজার ৯০৬ জন ভোটার।
এদিকে, দক্ষিণ মালদহের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরির বলেন, গত পঞ্চায়েত ভোটে আমরা বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট দিলেও সেখানে সকলকে মেরে, ভয় দেখিয়ে তুলে দিয়েছিল তৃণমূল। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাই এবারে প্রতিটি বুথেই পোলিং এজেন্ট দেওয়া হবে এবং তৃণমূল যাতে কোনরকম গন্ডগোল বা ভোটারদের প্রভাবিত করতে না পারে, তার জন্য কংগ্রেস কর্মীরা বুথ পাহারা দেবেন।