
শান্তনু সেন
শেষ আপডেট: 26 November 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল নেতা শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে তুলে নেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকাশ্যেই সুর চড়ান শান্তনু। এর আগে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরকারি প্রতিনিধি শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়।
পাল্টা স্বাস্থ্যসচিবকে চিঠি লেখেন শান্তনু। সেই আবহেই এবার শান্তনু সেনের নিরাপত্তা ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যদিও এখনও এ ব্যাপারে কিছুই মন্তব্য করতে চাননি শান্তনু।
প্রসঙ্গত, আরজি করের ঘটনায় ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন করেছিলেন শান্তনু। তার পরপরই তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। পদ হারিয়ে কিছুটা আক্ষেপের সুরও শোনা গিয়েছিল শাসক দলের এই নেতার গলায়।
পদ খুইয়েও সেবার আরজি কর নিয়ে তিনি যা মন্তব্য করেছিলেন তা থেকে সরে আসেননি। স্পষ্ট দাবি ছিল, 'আমি আগেও যা বলেছি, এখনও তাই বলব। স্বাস্থ্য এত উন্নতি করার পরেও স্বাস্থ্য দফতরের সব খবর মুখ্যমন্ত্রীর কাছে যায় না। তবে প্রথম দিনের তৃণমূলের অনুগত কর্মী হিসেবে আগে যেমন কোনও সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি, আজও এই সিদ্ধান্ত শিরধার্য।'