সিএনজি চালু করতে বাস মালিকদের ভর্তুকি দেবে রাজ্য সরকার
দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের দাম অনেকটা বেড়েছে। যার জেরে পুরনো ভাড়ায় বাস (Bus) চালানো সম্ভব নয়, তাই বাস ভাড়া বাড়াতে হবে, সেই দাবি নিয়েই বারবার সরব হয়েছে বাস মালিক সংগঠনগুলি। কিন্তু সেই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। এই নিয়ে দড়ি টানাটানির
শেষ আপডেট: 4 November 2021 11:31
দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের দাম অনেকটা বেড়েছে। যার জেরে পুরনো ভাড়ায় বাস (Bus) চালানো সম্ভব নয়, তাই বাস ভাড়া বাড়াতে হবে, সেই দাবি নিয়েই বারবার সরব হয়েছে বাস মালিক সংগঠনগুলি। কিন্তু সেই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। এই নিয়ে দড়ি টানাটানির মধ্যেই সিএনজি (CNG) চালু করার ওপর জোর দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
সিএনজি চালু করতে ভর্তুকি দেওয়ারও কথা জানান ফিরহাদ। সিএনজি বাস চালালে তাতে খরচ আরও কম হবে। তাতে বাস ভাড়া না বাড়িয়েও লাভের মুখ দেখতে পারবেন মালিকরা, এমনই জানান তিনি।
কিন্তু তাতেও প্রাথমিক খরচ বিপুল। ডিজেল চালিত বাসকে সিএনজিতে রূপান্তর করতে মালিকদের খরচ গুনতে হবে কমপক্ষে হাজার ষাটেক টাকা। শুধু তাই নয়, বাসের অবস্থার ওপরই নির্ভর করবে এই মূল্য। তা লাখ খানেকও হতে পারে। এই খরচের ওপরই ভর্তুকি দেবে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ
জেলের মধ্যেই খুন, খুনি '৭ খুন'-এর আসামি
এই নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছে সরকার। বাস মালিকদের সংগঠিতভাবে একটি রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। এতে উল্লেখ করতে বলা হয়েছে, কলকাতার রাস্তায় চলা বাসগুলোর অবস্থা কেমন। কোন বাস কত পুরনো তার তালিকা, সবই চেয়ে পাঠানো হয়েছে।
মূলত, মুম্বই, দিল্লির মতো দেশের অন্যান্য রাজ্যের মতো এখনও রাজ্যে শুরু হয়নি সিএনজি চালিত বাস পরিষেবা। তবে খুব শীঘ্রই এই বাস কলকাতার রাস্তায় দেখা দেওয়ার সম্ভাবনা আছে। রাজ্যে এই সিএনজি গ্যাস সরবরাহ করবে বেঙ্গল গ্যাস লিমিটেড নামে এক কোম্পানি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই কোম্পানি তৈরি হয়েছে। কেন্দ্রের গ্যাস অর্থারিটি অফ ইন্ডিয়া লিমিটেড ও রাজ্যের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে সিএনজি সরবরাহকারী কোম্পানিটি।
প্রসঙ্গত, বুধবারই বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। সেখানে বাস মালিকদের দাবি ছিল পেট্রল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানোর। কিন্তু লকডাউন ও করোনা পরিস্থিতিতে মানুষের হাতে টাকা-পয়সা কম। তাই এই মুহূর্তে বাস ভাড়া বাড়াতে নারাজ পরিবহন মন্ত্রী। বিকল্পস্বরূপ অন্য ব্যবস্থা করে পুষিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছিলেন। সিএনজি চালুতে এই ভর্তুকির কথাই উল্লেখ করেছেন ফিরহাদ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'