
শেষ আপডেট: 8 January 2023 06:22
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন বাংলার (West Bengal) প্রাক্তন রাজ্যপাল (former governor) তথা জাতীয় স্তরের বিজেপি নেতা কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার ভোর ৫টা নাগাদ নিজের বাড়িতেই মারা যান তিনি।
জানা গেছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। ভর্তি ছিলেন প্রয়াগরাজের এক বেসরকারি হাসপাতালেও। গত ডিসেম্বর মাস থেকেই সেখানে চিকিৎসা চলছিল তাঁর। গত সপ্তাহেই তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপর আজ ভোরেই সব শেষ।
বর্ষীয়ান বিজেপি নেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, "শ্রী কেশরীনাথ ত্রিপাঠী জি তাঁর জনসেবা ও বুদ্ধির জন্য সকলের কাছে সম্মানীয় ছিলেন। সাংবিধানিক বিষয়ে অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি। উত্তরপ্রদেশে বিজেপিকে তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং রাজ্যের উন্নতির জন্যও তাঁর কঠোর পরিশ্রম সবাই মনে রাখবে। তাঁর মৃত্যুতে আমি ব্যথিত। ওঁর পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।"
শোকবার্তা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, "রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর। সুপণ্ডিত কেশরীনাথ ত্রিপাঠী বহু গ্রন্থ রচনা করেছেন। আমাদের রাজ্যে তাঁর সময়কালের স্মৃতি রাজ্যবাসীর হৃদয়ে অমলিন থাকবে। আমার সঙ্গে তাঁর বিশেষ আন্তরিক ও হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি ওঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
প্রবীণ নেতার পরিবার সূত্রে খবর, গত ৮ ডিসেম্বর নিজের বাড়ির বাথরুমে পড়ে যান তিনি। তাঁর হাত ভেঙে যায়। এরপর গত ৩১ ডিসেম্বর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা। দ্রুত প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। প্রায় এক সপ্তাহ আইসিইউ-তে কাটানোর পর গত সপ্তাহেই ছাড়া পান তিনি। বাড়িতে আসার পর থেকে তেমন কোনও সমস্যা হয়নি প্রাক্তন রাজ্যপালের। তবে খুব যে সুস্থ হয়ে উঠছিলেন, সেটাও নয়। অবশেষে রবিবার ভোর পাঁচটা নাগাদ প্রয়াত হন।
এর আগে দু'বার করোনা আক্রান্তও হয়েছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। দুবারই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। ফিরেছিলেন দলের কাজেও। তবে বয়সজনিত কারণেই এবার আর পারলেন না। জীবনযুদ্ধে হার মানলেন এই প্রবীণ বিজেপি নেতা।
পেশায় আইনজীবী কেশরীনাথ ত্রিপাঠী ২০১৪ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভূমিকা পালন করেছেন। এর পাশাপাশি বিহার, মেঘালয় ও মিজোরামের রাজ্যপাল হিসাবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ছিলেন উত্তরপ্রদেশ বিজেপির সভাপতিও।
১৯৩৪ সালের ১০ নভেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (তৎকালীন এলাহাবাদ) জন্মগ্রহণ করেছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। আর আজ সেখানেই নিজের বাড়িতে প্রয়াণ হল তাঁর। শেষ হল একটা অধ্যায়।