
শেষ আপডেট: 14 February 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের চোপড়ায় হাইড্রেনের কাটা মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে চার শিশুর। সেই মর্মান্তিক ঘটনায় তোলপাড় রাজ্য। বুধবার সেখানে যাবেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। কলকাতা বিমান বন্দর থেকে বিকেল ৪ টে ৪৫ মিনিটের বিমানে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা।
গত সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় বিএসএফ একটি নর্দমা কাটছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। সেখানেই খেলছিল চার শিশু। আচমকাই ধস নেমে মাটির নীচে চাপা পড়ে যায় ওই চার শিশু। বিএসএফ জওয়ানেরা তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। চার শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে বিএসএফের গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে তৃণমূল। বৃহস্পতিবার রাজভবনে দলের প্রতিনিধিরা যাবেন বলেও জানা গিয়েছে।
শিশু কমিশনও রাজভবনের পদক্ষেপের দাবি তুলেছে। মঙ্গলবার কমিশনের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে কমিশনের প্রধান তুলিকা দাস জানান যে তাঁরা বুধবার চোপড়া যাবেন। কী কারণে ঘটনাটি ঘটল তা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। কোনও রকম অসাবধানতা থাকলে এই দুর্ঘটনা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।
ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। গ্রামবাসীদের দাবি, সীমান্তরক্ষী বাহিনীর তরফে এই ড্রেন কাটার কাজ চলছিল। পাল্টা উদ্ধারকারী বিএসএফের বক্তব্য, তাদের কোনও ভূমিকাই নেই। মর্মান্তিক ঘটনাটির কারণ যাই হোক না কেন, সেটিকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য কাজিয়া শুরু হয়ে গিয়েছে।