
ফাইল ছবি
শেষ আপডেট: 14 October 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই অনশনে বসার সিদ্ধান্ত জানিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। অনশনকারী চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে দেশ জুড়ে ১২ ঘণ্টার অনশনের ডাক দেওয়া হয়েছে। সোমবারই আইএমএ-সহ চিকিৎসকদের সব সংগঠনকে স্বাস্থ্য ভবনে বৈঠকের জন্য ডেকে পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার দুপুর সাড়ে বারোটার মধ্যে প্রত্যেক চিকিৎসক সংগঠনের দু’জন করে প্রতিনিধি আসতে পারবেন। রবিবার এই মর্মে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকদের তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
আইএমএ-র তরফে তাদের রাজ্য ও আঞ্চলিক শাখা প্রধানদের নির্দেশ দিয়ে জানানো হয়েছে মঙ্গলবার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনশনে বসবে দেশের সব রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সকলে তাঁদের মেডিক্যাল কলেজ ও হস্টেলগুলোতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
এর আগে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়ে চিকিৎসক সংগঠন দ্রুত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল। তারপর জল না গড়ালে অনশনের পথ বেছে নেওয়া হয়। রবিবার চিকিৎসক সংগঠনের পদক্ষেপের পরই তড়িঘড়ি চিকিৎসকদের আলোচনায় বসার প্রস্তাব রাজ্যের।
সময় যত গড়াচ্ছে একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত চিকিৎসকেরা। ধর্মতলায় টানা ন’দিন আমরণ অনশন করেও সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। জুনিয়রদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজ। তিনজন আইসইউতে ভর্তি, রবিবারের শারীরিক পরীক্ষার রিপোর্টে অনান্যদের পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করা হচ্ছে।
আগেই কলকাতায় এসে অনশনকারীদের সঙ্গে দেখা করে গিয়েছেন আইএমএ প্রেসিডেন্ট আরভি অশোকান। এই পরিস্থিতিতে আগামীকাল বৈঠকে চিকিৎসক সংগঠনের তরফে কোনও প্রতিনিধি যাবেন, গেলেও রাজ্যের বেঁধে দেওয়া সংখ্যা নিয়ে খুশি হয়ে নবান্নে যান কী না সেদিকে নজর থাকবে। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, সিনিয়ররা তাঁদের পাশে সবসময় আছেন। কিন্তু তাঁরা এটাও মনে করিয়ে দেন আগে যতবার বৈঠকে ডাকা হয়েছে আমরা গিয়েছি। সরকারের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সুবিচার চাই আমরা।