
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 12 February 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে বলে সবার আগে লেখা হয়েছিল দ্য ওয়ালে। সেটাই হল। এবারের বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
গত বছর বাজেটেও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে ২০২৩ সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত ২৫ ডিসেম্বর সেই ধরনের কোনও ঘোষণা হয়নি। তাই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা যে প্রবল তা আগেই অনুমান করা হয়েছিল।
এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। এদিন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে রাজ্যের তরফে অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএ-র ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এমনিতেই অসন্তোষ রয়েছে। তার উপর আবার কেন্দ্রের সরকার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করে দিয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তার সুপারিশ বাস্তবায়িত হওয়ার কথা। কেন্দ্রের এই ঘোষণা এখন রাজ্যের কর্মীদের কাছে নুনের ছিটের মতই। সেই সঙ্গে কর্মচারী মহলে এই প্রশ্নও উঠছে যে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশনের (West Bengal 7th Pay Commission) গঠন কবে হবে? তারই মধ্যে বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা কর্মচারীদের সেই ক্ষতে অনেকখানি প্রলেপের কাজ করবে বলেই মনে করা হচ্ছে।
কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। এ ব্যাপারে কোনও ধরাবাঁধা নিয়ম নেই। তবে মুদ্রাস্ফীতি পরিস্থিতি এবং উপভোক্তা মূল্য সূচকের সঙ্গে সমন্বয় রেখে সরকারি কর্মচারীদের বেতন পর্যালোচনা করা হয়। মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে কর্মচারীদের যাতে সংকট না হয়, সেই কারণেই কতটা বেতন বাড়ানো সঙ্গত, তা বিবেচনা করে দেখে পে কমিশন।
পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদে। বাম জমানায় বেতন কাঠামো নিয়ে বিস্তর ক্ষোভ-অসন্তোষ ছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ২০১৫ সালের ২৭ নভেম্বর পে কমিশন (West Bengal 6th Pay Commission) গঠনের কথা ঘোষণা করেছিলেন। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের গঠনের পর প্রায় দশ বছর কেটে গেছে। এ বছর ২৬ নভেম্বর ১০ বছর পূর্ণ হবে।
২০২৬ সালে বিধানসভা ভোট রয়েছে। তাই তার আগে নতুন পে কমিশন গঠনের ঘোষণা করা হতে পারে বলে নবান্নের শীর্ষ সূত্রে খবর। তবে ৪ শতাংশ বাজেট বৃদ্ধি নিয়ে খুশী নন সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের বক্তব্য, কেন্দ্রের সঙ্গে তো রাজ্যের ফারাকের পরিমাণ তো ৩৫ শতাংশ। তাহলে কতটা পিছিয়ে রয়েছি বুঝতে পারছেন? বিভিন্ন সামাজিক প্রকল্পে সরকারের দান খয়রাতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।