.webp)
শেষ আপডেট: 29 February 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার শেষ হয়েছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এদিনই আগামী বছরের পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
২০২৪ সালে উচ্চ মাধ্যমিকের শেষ দিনে ছিল রাশিবিজ্ঞান ও ভূগোলের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে নিয়ে এদিন পরীক্ষা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু। তিনি জানান, আগামী বছর ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হবে ১৮ মার্চ। ইতিমধ্যে পরীক্ষার রুটিন তৈরি হয়ে গিয়েছে। সংসদের ওয়েবসাইটে রুটিন পেয়ে যাবে পরীক্ষার্থীরা।
একইসঙ্গে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে মিটেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা ছিল বেশি। সদ্য মা হয়েছেন এমন পরীক্ষার্থী ছিলেন ৬ জন। অন্যদিকে, এই বছর ৪ পরীক্ষার্থী দুর্ঘটনা বা অন্য কারণে মারা গিয়েছে। যাদের মধ্যে ২ জন মুর্শিদাবাদ, ১ জন পূর্ব বর্ধমান ও ১ জন আলিপুরদুয়ারের পরীক্ষার্থী।
প্রসঙ্গত, এবছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড় বদল এনেছে সংসদ। প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে ছিল 'ইউনিক সিরিয়াল নম্বর'। প্রতিটি প্রশ্নের ডানদিকে উপরে এই নম্বর ছিল। পরীক্ষার্থীদের সেই নম্বর উত্তরপত্রে লিখতে হয়েছে। প্রশ্নপত্র ফাঁস আটকাতে কিংবা প্রশ্ন ফাঁস হলে দ্রুত যাতে পদক্ষেপ করা যায় সেজন্যই নতুন এই 'ইউনিক সিরিয়াল নম্বর’ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।