
ফাইল ছবি।
শেষ আপডেট: 11 December 2024 11:07
দ্য ওয়াল ব্যুরো: শীতের জন্য হা-পিত্যেশের দিন শেষ! বুধবার থেকে গড়ে এক-দু ডিগ্রি করে পারদ পতন হতে শুরু করেছে। আগামী কয়েকদিন এভাবেই ক্রমশ নামবে তাপমাত্রা। সেই দৌলতে এবার শীতের কামড়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং উত্তর ভারতের জ়েড স্ট্রিম উইন্ড শীতের আগমনে কিছুটা বাধা সৃষ্টি করেছিল। তবে নিম্নচাপটি দ্রুত শ্রীলঙ্কা উপকূল পেরিয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হতেই জাঁকিয়ে ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে!
সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং অবাধ উত্তুরে হাওয়ায় পারদ নামবে। শনিবারের মধ্যে আরও ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। সেক্ষেত্রে শনিবার থেকেই শুরু হতে পারে শীতের কামড়! সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রির নীচে এবং পশ্চিমের জেলায় দশ ডিগ্রির নীচে নামতে পারে পারদ।
জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপটে বেশিরভাগ জেলায় দৃশ্যমানতা কমে যাবে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতেও দৃশ্যমানতা কম থাকবে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে এক ধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি! মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।
ইতিমধ্যে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান-সহ একাধিক রাজ্যে।