ফাইল ছবি।
শেষ আপডেট: 15 January 2025 09:04
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির প্রথম সপ্তাহে দাপট দেখালেও, সময় যত গড়াচ্ছে রাজ্য থেকে একেবারেই উধাও শীতের আমেজ। স্বাভাবিকভাবেই প্রতি বছর মকর সংক্রান্তির সময় হাড় কাঁপানো ঠাণ্ডা থাকলেও চলতি বছরে সেই চেনা ছবি একেবারেই চোখে পড়েনি। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা একেবারে ১৬ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে শীত কবে ফিরবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
বুধবার আলিপুর আবহাওয়া দফতর পরিষ্কার জানিয়েছে, আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা দাপট দেখালেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
অন্যদিকে, আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনওরকম হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সেখানেও আগামী ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার কোনওরকম হেরফের হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট দেখাবে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে বলে খবর।
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৬০ শতাংশ।