
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 January 2025 09:50
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির তৃতীয় সপ্তাহ চলছে। কিন্তু সেই কনকনে ঠান্ডা কোথায়? পরিবর্তে দিনের বেলা খানিকক্ষণ রাস্তায় বেরোলেই ঘামতে হচ্ছে!
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪-৫ দিনের মধ্যে এই পরিস্থিতির খুব একটা বদল হবে না। কারণ, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা শীতের ইনিংসে বাধা তৈরি করছে। যার জেরে প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য নামতে পারে। তবে ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ফের উর্ধ্বমুখী হবে।
আলিপুর জানিয়েছে, শনিবার রাজ্যে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। চারদিনের ব্যবধানে অর্থাৎ ২২ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা। ফলে আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।
শনি ও রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গও। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে। সকাল - সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলা গরম অনুভূত হবে। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।
প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাডু, পন্ডিচেরিতে। কনকনে ঠান্ডা অনুভূত হবে হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা. চণ্ডীগড়ে।