.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 March 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: শনিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা (Weather Update)। আগামী কয়েকদিন এভাবেই আরও কয়েক ডিগ্রি বাড়তে পারে পারদ। যার নিট ফল মার্চ মাসের মাঝামাঝিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
এমনটাই অভিমত আবহাওয়া দফতরের (আইএমডি) একজন অভিজ্ঞ আধিকারিকের। তাঁর কথায়, যেভাবে দূষণ বাড়ছে তাতে আবহাওয়ার ওপর প্রভাব পড়াটাই স্বাভাবিক।
হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির আশেপাশে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ৪গ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি, তবে অনুভূত হবে ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে। রবিবার তাপমাত্রা আরও ১ ডিগ্রি বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। রাজস্থান থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যার জেরে অসম, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ২মার্চ আরও একটি ঝঞ্ঝা প্রবেশ করবে নতুন করে। যার প্রভাবে রাজধানী দিল্লির পাশাপাশি জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, কেরালা, মহে, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল, অরুণাচল প্রদেশ ও লক্ষদ্বীপেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে আগামী সপ্তাহ সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। বাড়বে গরম। তবে শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে।
একইভাবে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে কর্নাটকে। কঙ্কন, গোয়া, কেরালাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে।