ফাইল ছবি
শেষ আপডেট: 26 February 2025 08:31
দ্য ওয়াল ব্যুরো: মাস ঘুরলেই রাজ্যে বাড়বে তাপমাত্রার (Temperature) পারদ। বুধবার শিবরাত্রির দিন এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে, রাজ্যে আর তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই। সময় যত গড়াবে ততই পাল্লা দিয়ে বাড়বে গরম। মার্চ (March) মাসের শুরু থেকেই রাজ্যে পাকাপাকিভাবে গরম পড়তে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
বুধবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। মাঝের কয়েকটা দিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমলেও বুধবার থেকেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।
সপ্তাহের শেষে অর্থাৎ মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানিয়ে দিয়েছে আলিপুর। তবে মার্চের মাঝামাঝি সময় থেকেই গরমের দাপট বাড়বে বলেই অনুমান আবহাওয়াবিদদের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুশির খবর না শোনালেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং,কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এমনকি দার্জিলিংয়ের কিছু কিছু পার্বত্য এলাকায় নতুন করে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে খবর।
এদিন হাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা না থাকলেও সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে। এমনকি, মার্চ মাসের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান আবহবিদদের। তবে ভোরের দিকে মনোরম আবহাওয়া থাকবে শহর কলকাতায়।