
প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 January 2025 09:35
দ্য ওয়াল ব্যুরো: এ বছর কনকনে ঠান্ডায় ক'দিন জবুথবু হয়েছে বাংলা, তা হাতে গুনে বলে দেওয়া যায়। শীত পড়তে না পড়তেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চলছে ঠান্ডার টুকি টুকি খেলা।
মাসের প্রথম দিকে ঠান্ডা কম থাকলেও, আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজ সংক্রান্তি। তবুও শীতের দেখা নাই রে, শীতের দেখা নাই। কেবল তার আভাস দিতে উত্তরে হাওয়া বইছে। যার জন্য খানিকটা ঠান্ডা লাগবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার সকাল থেকেই এটা স্পষ্ট যে গত বছরের তুলনায় এবারের সংক্রান্তি খানিকটা ভাঁটা এনেছে শীতে। গত ১২ বছরের মধ্যে আজ তৃতীয় উষ্ণতম সংক্রান্তি রাজ্যে। যে হারে বছরের পর বছর তাপমাত্রা বাড়ছে, তাতে হয় সংক্রান্তির শীত একটা মিথ হয়ে উঠছে।
এদিন আলিপুর আবহাওয়া দফতর বলছে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে বলে জানানো হয়েছে। এর কারণ জোড়া ঝঞ্ঝা। জেলাগুলিতেও সে কারণে শীতের প্রভাব কমেছে বলে মনে করছে আলিপুর। হাওয়া অফিসের পূর্বাভাস, ১৮ জানুয়ারির পর থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে।
পরিসংখ্যান বলছে, ২০২১ সালে সংক্রান্তির দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, ২০২২ সালে ছিল ১৮.২ ডিগ্রি আর '২৩ সালে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল সংক্রান্তির পারদ।