
ফাইল ছবি
শেষ আপডেট: 18 March 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: মার্চের শুরু থেকেই তাপমাত্রার পারদ চড়ছে (Weather Update)। তীব্র গরমের আভাস দিয়েছিল হাওয়া অফিস (Weather Office)। তবে গত ২-৩ দিনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে হালকা বৃষ্টিতে। এবার কালবৈশাখীর (Kalbaisakhi) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। রাতে গরম ও অস্বস্তি থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মূলত বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তারপর রাজ্যে ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন হবে না।
কলকাতায় বুধবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে।
শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে অবশ্য বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা।