কলকাতায় ইতিমধ্যেই শীতের ছোঁয়া স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলের পারদ এখন কালিম্পঙের থেকেও নীচে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 November 2025 10:01
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে (West Bengal) শীতের আমেজ (Winter) যে শুরু হয়েছে তাতে সন্দেহ নেই। এখনও কনকনে ঠান্ডা পড়েনি ঠিকই, কিন্তু ভোর এবং রাতের শীতল হাওয়ায় জবুথবু হওয়ার অবস্থা। আগামী কয়েকদিনে রাজ্যের (West Bengal) তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যে। ফলে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় ঠান্ডার দাপট বাড়বে।
নভেম্বরের মাঝামাঝি থেকেই শীত নতুন ইনিংস খেলতে শুরু করেছে। কলকাতায় ইতিমধ্যেই শীতের (Winter) ছোঁয়া স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলের পারদ এখন কালিম্পং-এর (Kalimpong) থেকেও নীচে। বুধবার গভীর রাতে কালিম্পং-এ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি, অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে ১৪.২ ডিগ্রিতে। পুরুলিয়ায় রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি, বাঁকুড়ায় ১৫.১ এবং কল্যাণীতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা, শুকনো হাওয়া - যেটি দক্ষিণবঙ্গে এনে দিচ্ছে শীতের ইঙ্গিত। উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়া (Weather Update) সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে ঠান্ডার ধরণও আলাদা।
তথ্য বলছে, কলকাতায় (Kolkata) বর্তমানে পারদ ২০ ডিগ্রির নীচে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কুয়াশা বেড়ে যাবে।
ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে নেমে এসেছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও ক্রমশ বাড়ছে।
আগামী পাঁচ দিনে রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে নভেম্বরেই পারদ এমনভাবে নামা দেখে আবহাওয়াবিদদের মত, এ বছর শীত এসেছে আগেভাগেই এবং আগের বছরের তুলনায় বেশি প্রবল হতে পারে।
হাওয়া অফিস এও জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়বে, তখন আরও কমবে তাপমাত্রা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলায় জমে উঠবে শীতের আমেজ।