
প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 October 2024 08:59
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টিকে সঙ্গী করেই কাটাতে হবে এবারের পুজো। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত তেমনটাই জানিয়েছিল। বলেছিল, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কখনও কড়কড়ে রোদ্দুর কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা-সহ জেলায় জেলায়।
ষষ্ঠীর বিকেলেও কোনও কোনও এলাকায় বৃষ্টি হয়েছে। সপ্তমীতেও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ষষ্ঠীর বিকেলেও কোনও কোনও এলাকায় বৃষ্টি হয়েছে। সপ্তমীতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর সূত্রে খবর। তারা এও বলছে দক্ষিণবঙ্গ তো বটেই, পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আছে।
অষ্টমীতে অর্থাৎ ১১ অক্টোবর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ারে। দশমীর দিন আবার কিছুটা কমবে বৃষ্টি।
মোদ্দা কথা এই যে, পুজোয় প্যান্ডেল হপিং করতে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। এর আগে হাওয়া অফিস বলেছিল পুজোর বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু যা দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। তাহলে হঠাই আবহাওয়ার পরিবর্তন কীভাবে হল? আলিপুর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। অন্যদিকে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। এরই প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন।