
ফাইল ছবি।
শেষ আপডেট: 9 December 2024 20:58
দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে। আলমারি থেকে শুধু গরম পোশাকই নয়, বেরিয়ে পড়েছে ছাতাও!
পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে দুই বঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা বাংলা ও সিকিমের উপরিভাগ দিয়ে অতিক্রম করছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সোমবারের মতো মঙ্গলবারও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দার্জিলিং নয়, কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও সোমবার হালকা তুষারপাত হতে পারে। তবে সান্দাকফু, ঘুম-সহ সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে এর প্রভাব বেশি পড়বে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে থাকবে। এমনকী কয়েকটি এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারেরও নীচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলাতেও। কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। দু-এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
আলিপুর জানিয়েছে, বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে। কমবে পারদ। ১১ ডিসেম্বর বুধবার থেকে লাগাতার পাঁচ-সাত দিন তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে আরও ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। একইভাবে আগামী শনি ও রবিবারে কলকাতার পারদ ১৫ ডিগ্রির নীচে নামতে পারে। একই সময়ে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পারদ ১০ ডিগ্রির নীচে নামতে পারে। অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডার স্পেল শুরু।