
শেষ আপডেট: 12 April 2024 19:44
দ্য ওয়াল ব্যুরো: ঝেঁপে ঝড়বৃষ্টি আসছে। বাংলার সাত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে।
খুশির ইদ স্বস্তিতেই কেটেছে। কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি হলেও তা উৎসবের আনন্দে ভাটা ফেলেনি। গত দুদিন আবহাওয়া মোটামুটি আরামদায়কই ছিল। তবে পয়লা বৈশাখের আগে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানা গেছে। শুষ্ক থাকবে আবহাওয়া। আজ সন্ধের পর বীরভূম ও বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের পূর্বাভাস, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। বাকি তিনটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০ কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী কয়েকদিনে। পয়লা বৈশাখ কেটে গেলে ফের ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়তে পারে। পাহাড়েও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।