
শেষ আপডেট: 3 April 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: চৈত্রেই ঠা ঠা রোদে প্রাণ ওষ্ঠাগত। এপ্রিলের শুরু থেকে অসহনীয় গরম। দিল্লির মৌসম ভবন বলেছে, এবার তীব্র দাবদাহ ভোগাবে। গোটা দেশেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে তাপপ্রবাহ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামিকাল থেকে তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। শুক্রবার থেকে রোদের তেজ আরও বাড়বে। তাপপ্রবাহ চলবে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুরা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে। বেলা বাড়লেই লু বইবে। দুপুর ১১টা থেকে বিকেল ৪টে অবধি রাস্তায় কাউকে থাকতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে তাপপ্রবাহ চলবে। ৭ তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ চলবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের কারণ হিসাবে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়া। এই হাওয়াই তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে চড়চড় করে।
উত্তরবঙ্গে এখন আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্ট হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম বাংলাদেশের উপর একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার জন্যই এই বৃষ্টিপাত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে অরুণাচল পর্যন্ত তৈরি হয়েছে একটি অক্ষরেখা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত রয়েছে অন্য একটি অক্ষরেখা যা কর্ণাটকের উপর দিয়ে গেছে। এর জেরেই কিছু রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, ও কিছু রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে।