
কলকাতায় গরম পড়ছে।
শেষ আপডেট: 28 February 2025 11:56
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে ক্রমশ তাপমাত্রা বাড়বে। আবহাওয়াবিদদের অনুমান, মার্চের শুরুতেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
আগামী দু'দিনে কলকাতার তাপমাত্রা আরও বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫% থেকে ৯৪% পর্যন্ত।
তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। রাজস্থান থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে এবং নতুন করে ২রা মার্চ আরও একটি ঝঞ্ঝা প্রবেশ করবে।
রাজ্যের বাইরে, দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি ও ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া বইতে পারে। অসম, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, কেরালা, মহে, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল, অরুণাচল প্রদেশ ও লক্ষদ্বীপেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কর্নাটকে তাপপ্রবাহের আশঙ্কা, কঙ্কন, গোয়া, কেরালা অঞ্চলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে।