মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এ সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 1 September 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ (Low Depression) তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। কয়েক দিনের বিরতির পর আবার রাজ্যের (West Bengal) ওপর দিয়ে যাচ্ছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। তার জেরেই ফের দুর্যোগ দেখা দিতে চলেছে রাজ্যে।
হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই ঝড়-বৃষ্টি (Rainfall) শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গজুড়ে।
মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এ সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বৃহস্পতিবার আবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
এই পরিস্থিতিতে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সব ক’টি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধবারও এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।
মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের যুগলবন্দিতে অগস্ট মাসের শেষ সপ্তাহে ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আবহাওয়াবিদদের পূর্বাভাস, রাজ্যে আগামী কয়েক দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবণতা বজায় থাকবে।
এই পরিস্থিতিতে কার্যত মাথায় হাত বাঙালির। কারণ চলতি মাসের শেষ সপ্তাহেই দুর্গাপুজো। তাই এখন থেকে ফের বর্ষা সক্রিয় হতে শুরু করলে পুজোর সময়ও আকাশ ভাঙতে পারে। তেমন হলে পুজো মাটি! এই আশঙ্কাই গ্রাস করছে অনেককে। যদিও এখনও পর্যন্ত হাওয়া অফিস পুজোয় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয়নি। তবে সময়টা যেহেতু বর্ষারই, তাই কিঞ্চিৎ ভয় থেকেই যাচ্ছে।