
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 February 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরে এই নিয়ে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার ঘটনাস্থল ক্যানিং। সেখান থেকে উদ্ধার হল কার্তুজ, বন্দুক। ঘটনার ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, কলকাতা থেকেই ওই অস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল।
ক্যানিংয়ের জীবনতলা থেকে ৭ এমএম পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ডবল ব্যারেল বন্দুকও। ৪ জনকে গ্রেফতার করে ইতিমধ্যে জেরা শুরু করেছে পুলিশ। অস্ত্র পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল নাকি, কোনও সংগঠন নাশকতার ছক করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মাত্র কয়েক সপ্তাহ আগে শিয়ালদহ সংলগ্ন এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছিল। তারপর সুরেন্দ্রনাথ কলেজের সামনে বৈঠকখানা লেন থেকে অস্ত্র উদ্ধার হয়। ওই ঘটনায় ৫ জন গ্রেফতার হয়েছিল। পুলিশি তদন্তে উঠে আসে, এরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ডাকাতির উদ্দেশে কলকাতায় এসেছিল।
শুধু শিয়ালদহে নয়, বড়বাজার থানা এলাকা থেকেও সাম্প্রতিক সময়ে অস্ত্র উদ্ধার হয়েছে। যে গাড়িতে অস্ত্র ছিল সেটির সঙ্গেও উত্তরপ্রদেশের যোগ ছিল। এখন ক্যানিংয়ের ঘটনার সঙ্গেও যোগী রাজ্যের কোনও যোগ রয়েছে কিনা, সেটাও দেখার বিষয়।
এইভাবে বারবার অস্ত্র উদ্ধারের ঘটনায় কি কলকাতা বা রাজ্য অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। যদিও পুলিশের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, এই ধরনের অপরাধীরা যে কোনও রাজ্যেই যাতায়াত করে। নির্দিষ্ট কোনও জায়গায় বেশিদিন থাকে না।