.webp)
ভাইরাল ভিডিওর অংশবিশেষ।
শেষ আপডেট: 13 October 2024 08:01
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে নির্যাতিতার মৃত্যুর পর দু'মাস অতিক্রান্ত। ক্রমশ তীব্রতর হচ্ছে আন্দোলন। এবার বিচার চেয়ে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রাতেও উঠল 'উই ওয়ান্ট জাস্টিস'।
ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল কিছু ভিডিও। তাতে দেখা যাচ্ছে, বিসর্জনের শোভাযাত্রায় একদল মহিলা সমবেত কণ্ঠে আওয়াজ তুলেছেন, 'বাজছে কাঁসর বাজছে ঢাক, তিলোত্তমা বিচার পাক'।
জানা যাচ্ছে, মালদহের একটি পুজোর বিসর্জনে শোনা গিয়েছে বিচারের স্লোগান। মহিলাদের বক্তব্য, আরজি করের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাতে বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে টিকিয়ে রাখতে হবে। ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাতেই বিসর্জনের শোভাযাত্রায় এই কর্মসূচি।
বস্তুত, বুধবার রাতেই ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপ থেকে বিচারের দাবিতে স্লোগান তোলার অপরাধে গ্রেফতার করা হয়েছিল সুজয় মণ্ডল, উত্তরণ সাহা রায়, কুশল কর, জহর সরকার, সাগ্নিক মুখোপাধ্যায়, নাদিম হাজারি, ঋতব্রত মল্লিক, চন্দ্রচূড় চৌধুরী এবং দৃপ্তমান ঘোষকে। বৃহস্পতিবার নিম্ন আদালত তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল।
কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ ক,রা হলে শুক্রবার দুপুরেই ৯ জনকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শনিবার সন্ধেয় রবীন্দ্র সরোবর থানা থেকে জামিনে মুক্তি পান তাঁরা।জেল থেকে বেরিয়ে গোলপার্কের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের অভিযোগ, 'আমাদের মুখ বন্ধ করা যাবে না। প্রতিবাদ চলবেই।'