দ্য ওয়াল ব্যুরো : নট গিল্টি। আমরা কোনও অপরাধ করিনি। আদালতে দাঁড়িয়ে বললেন মায়ানমারে আটক দুই সাংবাদিক।
তাঁদের নাম ওয়া লোন এবং কাও সো ও। রয়টার্সে চাকরি করেন। রাখাইন প্রদেশে মায়ানমারের সেনাবাহিনীর নৃশংস অত্যাচারের কথা তাঁরা জানিয়েছেন বাইরের জগৎকে। মায়ানমারের সরকার তাঁদের ধরেছে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে। সরকারের অভিযোগ, দুই সাংবাদিক গোপন কথা ফাঁস করে দেশের ক্ষতি করেছেন।
গত ডিসেম্বর থেকে তাঁরা বন্দি হয়ে আছেন। সম্প্রতি তাঁদের ইয়াঙ্গনের ইনসিং জেলে আনা হয়। তার কাছেই কোর্ট। সোমবার সকালে অঝোর বৃষ্টির মধ্যে দুজনকে আদালতে আনা হয়। তাঁদের হ্যান্ডকাফ পরানো হয়েছিল।
দু’জনকে দেখার জন্য আদালত চত্বরে জড়ো হয়েছিলেন বন্ধু ও সহকর্মীরা। তাঁদের মধ্যে ছিল কাও সো ও-র শিশুকন্যা। তার দিকে তাকিয়ে কাও হ্যান্ডকাফ পরা অবস্থাতেই থাম্বস আপ করেন। তার মানে ভয়ের কিছু নেই।
শুনানি হয় সর্বসাকুল্যে আধ ঘন্টা। বিচারক লি ইউইন জানান, দু'জনের বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছর অবধি জেল হতে পারে।
আদালত কক্ষ থেকে বেরিয়ে ওয়া লোন বলেন, আমরা হাল ছাড়ছি না। লড়াই চালিয়ে যাব। আমরা নির্দোষ।