দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের গুলি চালনার কথা উল্লেখ করে শুক্রবারই ভোটের প্রচার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এদিন একটি ভিডিও টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে, দিল্লির সরকারি স্কুলের কয়েকজন ছাত্র তথ্যপ্রযুক্তির এক সভায় বক্তব্য পেশ করছে। সেই ভিডিওর নীচে কেজরিওয়াল লিখেছেন, আমাদের দল ছাত্রদের দিচ্ছে কলম ও কম্পিউটার। অন্য দলটি দিচ্ছে ঘৃণা ও বন্দুক। ভোটারদের কাছে তাঁর আবেদন, ৮ ফেব্রুয়ারি সচেতনভাবে ভোট দিন।
কেজরিওয়ালের কথায়, "আমরা শিশুদের হাতে দিচ্ছি কলম ও কম্পিউটার। তাদের চোখে দিচ্ছি উন্নতি করার স্বপ্ন। অপর দলটি দিচ্ছে বন্দুক ও ঘৃণা। আপনারা শিশুদের কোন জিনিসটি দিতে চান? সেকথা আপনারা জানান ৮ ফেব্রুয়ারি।"
https://twitter.com/ArvindKejriwal/status/1223090469103722497
আম আদমি পার্টি বৃহস্পতিবারই অভিযোগ করেছিল, ১৭ বছরের যে ছেলেটি জামিয়ার বিক্ষোভকারীদের ওপরে গুলি চালিয়েছে, তাকে রক্ষা করছে বিজেপি। সে যখন রিভলভার নিয়ে মিছিলের দিকে যাচ্ছিল, পুলিশ তাকে থামায়নি।
এবার বিধানসভা ভোটের প্রচারে আপ দাবি করেছে, গত পাঁচ বছরে তাদের সাফল্য দু'টি। স্কুলশিক্ষা ও 'মহল্লা ক্লিনিক'। কেজরিওয়াল নিজেকে বলেছেন 'দিল্লির বড়ছেলে'। তাঁর বক্তব্য, সরকার উন্নয়নের সময় রাজনীতির রং বিচার করে না। তাঁর কথায়, "সম্ভবত ৭০ বছরে এই প্রথমবার দিল্লির মানুষ স্কুলশিক্ষা, হাসপাতাল ও পরিকাঠামোর উন্নতির জন্য ভোট দেবেন। দিল্লির পুলিশ বিজেপির হাতে। কিন্তু যে বিষয়গুলি আমাদের হাতে আছে, সেখানে সরকারের কাজ দেখে মানুষ ভোট দেবেন।"