
শেষ আপডেট: 22 March 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন অপেক্ষার পর আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে হতে চলেছিল ইন্টারভিউ প্রক্রিয়া। কিন্তু ফের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খেল। আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট।
আগামী ২ এপ্রিল উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারভিউ আদৌ নেওয়া হবে কিনা তা নিয়ে আপাতত স্কুল সার্ভিস কমিশনে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছে। কিন্তু কেনই বা শেষ মুহূর্তে হঠাৎ ইন্টারভিউ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল?
আসলে লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ হয়ে গিয়েছে। গত শনিবার জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ২৪ এপ্রিল থেকে সাত দফার লোকসভা ভোট শুরু হচ্ছে। ইতিমধ্যেই দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। ভোটের মরশুমে আদৌ চাকরির ইন্টারভিউ নেওয়া যায় কি না, তা নিয়েই ধোঁয়াশায় কমিশন।
লোকসভা ভোট ঘোষণার জন্য আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ আপাতত বাতিল করা হবে বলে নোটিস দিয়ে জানিয়েছে কমিশন। সেক্ষেত্রে পরে আবার দিনক্ষণ এসএসসি-র ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তবে নতুন করে কবে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের থেকে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
ইতিমধ্যেই এই ধোঁয়াশা কাটাতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি ইতিবাচক কোনও জবাব পাওয়া যায়, তবেই ভোট চলাকালীন পার্সোনালিটি টেস্ট নেবে বলে জানিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। নাহলে ভোটের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এগোনো সম্ভব নয় বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর।