গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট রাজ্যের নতুন OBC তালিকা নিয়ে কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 August 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে স্নাতক স্তরের কেন্দ্রীয় ভর্তির মেয়াদ বাড়ানো হল। আপাতত এই প্রক্রিয়া চলবে আজ, ৫ অগস্ট রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ যাঁরা এখনও জাতিগত তথ্য (SC/ST/OBC) আপলোড বা সংশোধন করেননি, তাঁদের হাতে আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে।
গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট রাজ্যের নতুন OBC তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে। এরপরই উচ্চশিক্ষা দফতর জানায়, কেন্দ্রীয় পোর্টালে জাতিগত বিভাগ সংশোধনের সুযোগ পাবেন পড়ুয়ারা। সেই সুযোগ দেওয়া হয় ২৯ জুলাই থেকে ৫ অগস্ট রাত ১১টা ৫৯ পর্যন্ত।
রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই সময়সীমার পরে আর কোনও সংশোধনের সুযোগ থাকবে না। ফলে যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে OBC, SC বা ST হিসেবে নিজেদের পরিচয় আপডেট করতে পারবেন না, তাঁদের সংরক্ষণের সুবিধা মিলবে না।
WBJEE ফলপ্রকাশ সম্ভবত ৭ অগস্ট
এ বছর ২৭ এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষা হয়েছিল। তবে OBC সংরক্ষণ সংক্রান্ত মামলা চলায় ফলপ্রকাশ পিছিয়ে যায়। সূত্রের খবর, ফলপ্রকাশ হতে পারে ৭ অগস্ট।
কলেজ ও ছাত্রছাত্রীদের চাপ বাড়ছে
এই বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল ৭ মে। কিন্তু কেন্দ্রীয় পোর্টাল চালু হয় প্রায় মাসখানেক পরে। এখনও পর্যন্ত ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৬০-র বেশি কলেজ এই পোর্টালে অংশ নিচ্ছে।
তবে জাতিগত তথ্য আপডেট নিয়ে বিভ্রান্তি, এবং WBJEE-র ফলপ্রকাশ দেরি হওয়ায় রাজ্যের হাজার হাজার পড়ুয়া ও অভিভাবকের উদ্বেগ বাড়ছে।