প্রাক্তন শিক্ষাকর্মীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যখন ২৬ হাজার চাকরি হারানো যুবক রাস্তায় ঘুরছিল, তখন মুখ্যমন্ত্রীর বাংলা ভাষার প্রতি ‘প্রেম’ কোথায় ছিল?”

অগ্নিমিত্রা পাল।
শেষ আপডেট: 4 August 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষার মর্যাদা নিয়ে রাজনীতিতে নেমেছেন মুখ্যমন্ত্রী, সাংবাদিক বৈঠক থেকে এমনই অভিযোগ তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ‘বাংলা প্রেম’-কে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন "ভাষা আন্দোলনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Language Movement) আজ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)! বাংলা ভাষা নিয়ে আবেগ দেখিয়ে আর ভোট মিলবে না।”
প্রশ্ন তোলেন, “বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদা আপনি দিতে পারেননি। কিন্তু মোদী দিয়েছেন।” সম্প্রতি দিল্লি পুলিশ আটজন অফিসার গ্রেফতার করায় বাংলাকে অসম্মান করা হচ্ছে — এমন দাবিকে সরাসরি “ভুল ন্যারেটিভ” বলে আখ্যা দেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, “বাংলা ভাষা নিয়ে আবেগ তখনই মনে পড়ছে, যখন নির্বাচন আসছে। ভাতা নয়, বাংলার মানুষ চাকরি চায়। চাকরি না দিয়ে এখন ভাষার নামে রাজনীতি চলছে।”
প্রাক্তন শিক্ষাকর্মীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যখন ২৬ হাজার চাকরি হারানো যুবক রাস্তায় ঘুরছিল, তখন মুখ্যমন্ত্রীর বাংলা ভাষার প্রতি ‘প্রেম’ কোথায় ছিল?” সিপিএম নেতাদের পরিবারের একাধিক ভোটার কার্ড থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
একইসঙ্গে বিরোধী জোটের বৈঠক ঘিরে কটাক্ষ করে বলেন, “তেজস্বী যাদব আর রাহুল গান্ধী এত ডেসপারেট কেন, সবাই জানে। এদের মিথ্যা প্রতিশ্রুতি মানুষ ধরে ফেলেছে।”
সাংবাদিক সম্মেলন থেকেই অগ্নিমিত্রা হুঁশিয়ারি দেন, “২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তা আজ বিস্মৃত। বাংলার মানুষ আর ভুল করবে না। বাংলা মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।” যদিও অগ্নিমিত্রার এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "ওরা যত কুৎসা করবে ওদের ভোট তত কমবে। আগামী ভোটে আরও বেশি সংখ্যক আসনে তৃণমূলকে জয়ী করবে বাংলার মানুষ।"