
শেষ আপডেট: 23 February 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই প্রশ্নফাঁসের চেষ্টায় হইচই পড়েছিল। মোবাইল সহ হাতেনাতে ধরা পড়েছিল বেশ কয়েকজন পরীক্ষার্থী। তাদের সব পরীক্ষা বাতিলও করা হয়। এবার উচ্চ মাধ্যমিকেও একই ছবি দেখা গেল। উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়েছে একের পর এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জনের পরীক্ষা বাতিল হয়েছিল। শুক্রবার পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ ধরা পড়ল আরও সাত পরীক্ষার্থী। ওই সাত জনেরই পরীক্ষা বাতিল করা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মারফত এমনটাই জানা গিয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে সংসদের তরফে নির্দেশিকা জারি হয়েছিল, পরীক্ষাকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ নিয়ে ঢোকা চলবে না। কিন্তু তা সত্ত্বেও প্রায় প্রতিটি পরীক্ষার দিনই মোবাইল সহ ধরা পড়েছে একের পর এক ছাত্রছাত্রী। সংসদ মারফত জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকে প্রথম দিনে ৫ জন, তৃতীয় দিনে ৩ জন, পঞ্চম দিনে ৬ জন এবং গতকাল বৃহস্পতিবার তিনজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। এরপর শুক্রবার আরও ৭ জনের পরীক্ষা বাতিল করেছে সংসদ। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ২৪ জন পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর দিন থেকেই কড়া হাতে সংসদকে বিষয়টি সামাল দিতে দেখা গিয়েছে। প্রশ্নফাঁস রুখতে সব রকম ব্যবস্থা নেয় সংসদ।
প্রসঙ্গত, এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই পরীক্ষাতেই প্রশ্নপত্রের উপরে কিউআর কোড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কিউ আর কোড স্ক্যান করলেই প্রশ্ন ফাঁস করার চেষ্টা হাতেনাতে ধরে ফেলা যাচ্ছে। এছাড়া মোবাইল নিয়েও ছিল কড়াকড়ি। তা সত্ত্বেও দুই বোর্ডের পরীক্ষাতেই পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়ার ঘটনা অব্যাহত।