
সাংবাদিক বৈঠকে পর্ষদ।
শেষ আপডেট: 7 May 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: এবারে উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। সেই হিসেবে দু'মাসেরও কম সময়ে ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল (WBCHSE HS 12th Result 2025)। পর্ষদের দাবি, কোভিড পরবর্তী সময়ে এবারেই প্রথম সবচেয়ে ভাল ফলাফল হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এবারে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ৪৭ হাজারের কিছু বেশি। এর পিছনে কন্যাশ্রীর ভূমিকা রয়েছে বলেও জানান পর্ষদের কর্তারা।
এবারে পাশের হার ৯০.৭৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯২.৩% শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.১২% শতাংশ। মোট ৪ লাখ ৮২ হাজার ৯৪৮ জন রেগুলার প্রার্থী ছিলেন। পরীক্ষায় বসেছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। সেরা ১০ এ রয়েছেন ৭২ জন। এদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন একজন করে পড়ুয়া।
প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ (৯৯.৪ শতাংশ)। দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বক্সিরহাট স্কুলের পড়ুয়া তুষার দেবনাথ। প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী, প্রাপ্ত নম্বর ৪৯৫। চতুর্থ হয়েছে বাঁকুড়ার সৃজিতা ঘোষাল, তার প্রাপ্ত নম্বর ৪৯৪।
পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। জেলায় পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩ শতাংশ) ও তৃতীয় স্থানে কলকাতা (৯৩.৪৩ শতাংশ)। ফলাফলের নিরিখে সামগ্রিকভাবে জেলার জয় জয়কার। প্রথম দশে ৭২ জনের মধ্যে রয়েছে হুগলি থেকে রয়েছেন ১৪ জন পড়ুয়া। প্রথম দশে রয়েছে কলকাতার চার জন পড়ুয়া।
বিষয় ভিত্তিক পাশের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগ। পাশের হার ৯৯.৪৬ শতাংশ। একইভাবে বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ এবং কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে।
মোট ৬২ টি বিষয়ে ১৫ টি ভাষায় পরীক্ষা হয়। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৮২৭টি। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৭। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৬ হাজার ৭৯১টি স্কুলে হয়েছে।
এদিন দুপুর ২টো থেকে ফলাফল জানা যাবে পর্ষদের ওয়েবসাইটে (Official website: https://wbchse.wb.gov.in)। এবারেই প্রথম মার্কশিটে কিউআর কোডও থাকছে। আগামীকাল সকাল ১০টা থেকে স্কুল থেকে মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা।
বার্ষিকভাবে এবারেই শেষ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে। আগামী বছর থেকে সেমিস্টার বিশেষে হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ৮ সেপ্টেম্বর শুরু হবে তৃতীয় সেমিস্টার, শেষ হবে ২২ সেপ্টেম্বর। দ্বিতীয় সেমিস্টার হবে ১২ ফেব্রুয়ারি থেকে।
পর্ষদের তরফে জানানো হয়েছে, এবারই প্রথম মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছিল। প্রশ্ন ফাঁসের কোনও ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ আসেনি। মোবাইল নিয়ে ধরা পড়েছিলেন আটজন, তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে।