
আজ মাধ্যমিকের ফলাফল ।
শেষ আপডেট: 2 May 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: সময় এসে গেল। আর কিছুক্ষণ পরেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথমে সকাল ৯টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবেন পর্ষদের কর্তারা। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবেন।
সূত্রের খবর, রেজাল্টের দিনই মার্কশিট হাতে পাবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। সকাল ১০ টার পর থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট সংগ্রহ করতে হবে। এরপরে আজ বৃহস্পতিবারই স্কুলগুলি থেকে রেজাল্ট দেওয়া হবে ছাত্রছাত্রীদের।
সকাল পৌনে ১০টা থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। মাধ্যমিকের ফলাফল জানার জন্য দুটি ওয়েবসাইট আছে। একটি হল wbresults.nic.in এবং অন্যটি wbbse.wb.gov.in। সেখানে সেখানে WBBSE মাধ্যমিক রেজাল্ট ২০২৪ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে রোল নম্বর এবং ডেট অব বার্থ দিতে হবে। তারপরেই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট। ডাউনলোড করার অপশনও থাকবে।
শুধুমাত্র ওয়েবসাইট নয়, হাতে মার্কশিট পাওয়ার আগে অ্যাপ থেকেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে অ্যাপগুলির নাম। আজই সেগুলি ডাউনলোড করে নিতে পারেন মোবাইল ফোনে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে সেই অ্যাপগুলিতে দেখা যাবে ফলাফল। পর্ষদ থেকে প্রকাশিত নোটিসে তিনটি অ্যাপের নাম লেখা হয়েছে- Madhyamik Results 2024, Fastresult ও https://iresults.net/wbbse-app। গুগল প্লে স্টোর থেকেই এই অ্যাপগুলি ডাউনলোড করা যাবে।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২রা ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ তারিখ। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩। মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এ বছর একাধিক পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।