
শেষ আপডেট: 28 November 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তে পড়তেও যেন পড়ছে না। নভেম্বরের শেষে হিমেল হাওয়ার পরশ মেখে আশায় বুক বেঁধেছিল মানুষজন। এবার হয়তো কাঁথা-কম্বল বেরোবে, ফ্যান চালানোয় ইতি পড়বে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ। তার জেরেই মেঘ ঘনিয়েছে আকাশে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘের জন্য তাপমাত্রা বাড়বে, উধাও হবে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। ২৯ নভেম্বর বুধবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ক্রমে তা অতি-গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এরপর গতিপথ পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির। অতি গভীর এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শুক্রবার। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম। ঘূর্ণিঝড়ের এই নাম দিয়েছে মায়ানমার।
ঘূর্ণিঝড়ে পরিণত হলেও মিগজাউম কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আলিপুর। তবে বিভিন্ন আবহাওয়ার মডেল জানিয়েছে এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশ উপকূলে বিজয়ওয়াড়া অথবা ওড়িশা উপকূলের ভুবনেশ্বরের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল হতে পারে বলে জানা গেছে।
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে রাতের তাপমাত্রা বাড়বে। তবে হালকা শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল, তা আবার বেড়ে যাবে।
সপ্তাহান্তে আবহাওয়ার বদল উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শনি ও রবিবার পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। পার্বত্য এলাকা ছাড়া অন্যান্য জায়গায় আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে আগামী চার-পাঁচ দিন একই রকম শুকনো আবহাওয়া থাকবে। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশা হতে পারে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা বাড়বে, মেঘের কারণে কমবে দিনের তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম অনুভূত হবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দুপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৫ শতাংশ।