
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 15 April 2025 08:14
দ্য ওয়াল ব্যুরো: বাংলা নববর্ষে (Bengali Noboborsho) নিজের লেখা গানের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও সুরে লেখা গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।
গানের ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।' অর্থাৎ নববর্ষে সকলকে একজোট হওয়ার বার্তাই তিনি দিয়েছেন। পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেও তাঁর বার্তা একই ছিল। আসলে এই মুহূর্তে ওয়াকফ আইন বিরোধিতায় অশান্ত রাজ্য। বিভিন্ন জায়গায় বিগত কয়েক দিন ধরেই চলছে সংঘাত। এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী ঐক্যের বার্তা দিয়ে রাজ্যের মানুষকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন।
কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করে ধর্মের সংজ্ঞাও ব্যাখ্যা করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “ধর্ম মানে তো শ্রদ্ধা, ধর্ম মানে ভালবাসা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, সংস্কৃতি, সম্প্রীতি”। তাঁর কথায়, “আমরা জন্মের সময়ে একা আসি। একাই চলে যাই। তাই কীসের ধর্ম, কীসের দাঙ্গা। মানুষকে ভালবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না”। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, কেউ কেউ আলাদা ধর্মের হতেই পারেন, তবে কোনও বিভাজন থাকা উচিত নয়। ধর্ম যার, যার - উৎসব সবার।
প্রসঙ্গত, পয়লা বৈশাখ উপলক্ষ্যে শুধু স্কাইওয়াক নয়, মোট ৩টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা। স্কাইওয়াক তৈরির পাশাপাশি কালীঘাট মন্দিরও নতুন করে সাজানো হয়েছে। তার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে হকারদের হাজরা পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের জন্য নতুন হকার্স কর্নারেরও আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়েছে সোমবার।