দ্য ওয়াল ব্যুরো: পলতায় পুরসভার জলের পাইপ লাইন ফেটে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে জল সঙ্কট দেখা দিয়েছে বুধবার। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। আজ বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ।
প্রতিদিনের মতো আজ সকাল ৬টার সময় পুরসভার পরিশ্রুত জল সরবরাহ হওয়ার কথা। কিন্তু জল এলেও পরিমাণে কম। এতটাই ধীর গতিতে সরবরাহ ছিল যে অনেক জায়গায় জল সরবরাহে বিঘ্ন ঘটে। অভিযোগ, কিছু জায়গায় পানীয় জলের বদলে ঘোলা জল আসে। উত্তর কলকাতার বেশ কিছু ওয়ার্ড এবং মধ্য কলকাতার বউবাজার পর্যন্ত এই সমস্যা দেখা যায়।
পলতা থেকে টালা পর্যন্ত পুরসভার জলের লাইনের কোনও পাইপে ফাটলের জেরেই এই বিপত্তি বলে জানা গেছে। ইতিমধ্যেই জলের লাইন মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। সকাল সাড়ে ৯ টার পর জল সরবরাহের কাজ শুরুর চেষ্টা করা হলেও তা স্বাভাবিক হয়নি।
পুরসভার তরফে জানান হয়েছে বিকেলে যে জল সরবরাহ করা হবে তা স্বাভাবিক হবে। তবে পানীয় জলের সমস্যা মেটাতে পুরসভার তরফে বিভিন্ন জায়গায় জলের গাড়ি পাঠানো হয়েছে।