
শেষ আপডেট: 24 April 2023 09:31
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির (Ram Mandir in Ayodhya)। ভক্তরা দীর্ঘদিন ধরেই এই রাম মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সব ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারি মাসে সর্বসাধারণের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। তার আগেই, গতকাল, ২৩ এপ্রিল অযোধ্যার রামমন্দিরে অনুষ্ঠিত হল জলাভিষেক অনুষ্ঠান।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত দিয়ে রাম মন্দিরের রামলালার এই জলাভিষেক করা হয়। রামলালার জলাভিষেকের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১৫৫টি নদী থেকে আনা হয় জল (Water from 155 rivers)। সেই সকল নদনদীর জলেই জলাভিষেক করা হয়েছে রামলালার। দিল্লির বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক বিজয় জলির তত্ত্বাবধানে আনা হয়েছে এই ১৫৫ নদীর জল।
কোন কোন দেশের ১৫৫ টি নদী থেকে আনা হয়েছে জল?
রামলালার জলাভিষেকের জন্য যে সব দেশ থেকে জল আনা হয়েছে, সেই সব দেশের তালিকায় রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, তানজানিয়া, নাইজেরিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, পাকিস্তান, চিন, উজবেকিস্তান-সহ আরও একাধিক দেশ। এমনকি অ্যান্টার্কটিকা থেকেও জল আনা হয়েছিল জলাভিষেকের জন্য!
রাম মন্দির নির্মাণের কাজ কবে শেষমেশ সম্পূর্ণ হবে এবং সর্বসাধারণের জন্য কবে তা খুলে দেওয়া হবে এই নিয়ে দেশের মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আগেই জানিয়েছিল, এই বছরের ডিসেম্বর মাসেই মন্দির নির্মাণ শেষ হয়ে যাবে, তার পরে আগামী বছরের গোড়ায় মকর সংক্রান্তিতে প্রতিষ্ঠিত করা হবে রামলালার মূর্তি। এর পরেই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তার আগেই মন্দিরের জলাভিষেকের ছবি ও ভিডিও দেখে মুগ্ধ ইন্টারনেট দুনিয়া।
তুষারচিতার রাজত্বে ঘুরছে বাঘ আর চিতাবাঘ! নেপালের পাহাড়ে থাবা বসিয়েছে গ্লোবাল ওয়ার্মিং