দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীর মৃত্যু হয়েছে। কিন্তু মেনে নিতে পারছে না তার প্রেয়সী। তাই দু'জন মিলে মৃতদেহটিকে তুলে নিয়ে গেলেও সে পেছন পেছন হেঁটে চলেছে। এই যুগল কিন্তু মানুষ নয়, একজোড়া ময়ূর-ময়ূরী। চার বছর একসঙ্গে কাটিয়েছিল তারা। তার পরে মৃত্যু হয়েছে ময়ূরটির। তার চলে যাওয়ার পথে পিছু পিছু হেঁটে চলেছে ময়ূরী, মায়া যেন কাটছে না তার। মর্মস্পর্শী এই ভিডিও দেখে চোখ মুছেছেন কয়েক লক্ষ নেটিজেন।
ফরেস্ট সার্ভিস অফিসার পরভীন কাসওয়ান ১৯ সেকেন্ডের এই ভিডিওটি টুইট করেছেন। লিখেছেন, এটি রাজস্থানের কুচেরা শহরের ঘটনা। দেখা গেছে, মৃত ময়ূরটিকে দু'দিক থেকে ধরে নিয়ে যাচ্ছেন দু'জন। তার শেষকৃত্য সারা হবে। পিছন পিছন হেঁটে চলেছে তার সঙ্গী ময়ূরী। পরভীন কাসওয়ান লিখেছেন, "মৃত্যুর পরেও এত বছরের সঙ্গীকে ছাড়তে চাইছে না ময়ূরটি।"
দেখুন সেই মর্মস্পর্শী ভিডিও।
https://twitter.com/ParveenKaswan/status/1478389221761114125
ভিডিও দেখে এক নেটিজেন লিখেছেন, মানুষের থেকেও পশু-পাখিদের মধ্যে ভালবাসা বেশি গভীর। আর এক জন লিখেছেন, একটি পাখি বা পশুই ওই ময়ূরীর কষ্ট বুঝতে পারবে। আর এক নেটিজেনের কথায়, "প্রকৃতি ঠিক এমনই। যে চলে গেছে তার জন্য পিছুটান রয়ে যায়, সে মানুষের হোক বা পাখির। এভাবেই সমস্ত প্রাণী কষ্ট পায় সঙ্গীর শূন্যতায়।"