দ্য ওয়াল ব্যুরো : বছর দু’য়েক আগে কংগ্রেস নেতা মণিশংকর আয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে লিখেছিলেন, ‘নীচ ব্যক্তি’। সেজন্য দল তাঁকে সাসপেন্ড করেছিল। মঙ্গলবার তিনি বললেন, আপনাদের মনে আছে, মোদী সম্পর্কে কী বলেছিলাম? আমি কি সঠিক ভবিষ্যদ্বাণী করিনি? অর্থাৎ যে মন্তব্যের জন্য কংগ্রেস তাঁকে সাসপেন্ড করেছিল, এদিন ফের একই কথা বলেছেন মণিশংকর আয়ার।
তিনি ওই মন্তব্য করার পরে প্রতিবাদে সরব হয় বিজেপি। মণিশংকর আয়ারকে বলা হয়, এক নম্বর কটূক্তিকারী। কংগ্রেসকে বলা হয় উদ্ধত। রাইজিং কাশ্মীর নামে এক পত্রিকার ২০১৭ সালের ৭ ডিসেম্বর সংখ্যায় আয়ার মোদী সম্পর্কে বলেছিলেন, নীচ আদমি। মঙ্গলবার তিনি ফের ওই মন্তব্য করার পরে বিজেপির মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও টুইট করে বলেন, প্রধান কটূক্তিকারী আয়ার ফের নীচ আদমি কথাটি বলেছেন।
রাওয়ের লেখায় আছে, আয়ার আগেরবার ওই কথা লিখে ক্ষমা চেয়েছিলেন। সাফাই দিয়েছিলেন, তিনি নাকি ভালো হিন্দি জানেন না। এখন তিনি বলছেন, তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর আচরণে ধরা পড়েছে দ্বিচারিতা ও ঔদ্ধত্য।
আয়ারের মন্তব্যের সঙ্গেই বিজেপি উল্লেখ করেছে কংগ্রেসের অপর নেতা স্যাম পিত্রোদার কথা। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের নেতা স্যাম পিত্রোদা গত শুক্রবার ১৯৮৪ সালের শিখ দাঙ্গা সম্পর্কে বলেন, হুয়া তো হুয়া। অর্থাৎ হয়েছে তো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা ওই মন্তব্যের কঠোর সমালোচনা করেন। এমনকী পাঞ্জাবের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পর্যন্ত বলেন, তিনি শকড হয়েছেন। শেষ অবধি স্যাম পিত্রোদা ক্ষমা চান। তিনি বলেন, তাঁর বক্তব্য ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন, পুরানো কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।
কংগ্রেস থেকেও স্যাম পিত্রোদাকে তিরস্কার করা হয়। সোমবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পাঞ্জাবে ভাষণে বলেন, স্যাম পিত্রোদা যে মন্তব্য করেছেন, সেজন্য তাঁর লজ্জা পাওয়া উচিত। কিন্তু এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ফের স্যাম পিত্রোদার ওই কথাটি উল্লেখ করেন।
মালব্য টুইটারে লিখেছেন, আয়ার দেখলেন, স্যাম পিত্রোদাকে নিয়েই সবাই আলোচনা করছে। তিনি আর থাকতে না পেরে ফের প্রধানমন্ত্রীকে বললেন, নীচ। আয়ার এদিন বলেন, যে করেই হোক, আগামী ২৩ মে মোদীকে মানুষ তাড়াবে। আমাদের দেশে আর কোনও প্রধানমন্ত্রী এত কুবাক্য বলেননি। আপনাদের কি মনে আছে, আমি আগেই বলেছিলাম, মোদী নীচ আদমি।