
শেষ আপডেট: 15 August 2023 08:44
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৬ বছর বয়েসেই টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর গ্রহণ (retirement) করলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা (Wanindu Hasaranga)। খেলেছেন ৪টি টেস্ট ম্যাচ। তারপরই আচমকা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ক্রিকেটার। তাঁর এই সিদ্ধান্তে হতবাক ক্রিকেট মহলও।
কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন, তা নিজেই খোলসা করেছেন হাসরাঙ্গা। তিনি জানান, নিজের ক্রিকেটীয় কেরিয়ারকে আরও লম্বা ও সীমিত ওভারে ভাল পারফরমেন্স করার জন্যই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
২০২০ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এই ডানহাতি স্পিনারের। এমনিতেই তাঁর স্পিনের ভেল্কিতে দিশেহারা হয়ে পড়েন ব্যাটাররা। এমন স্পিনারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপান আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ক্রিকেটার এবার টেস্ট ক্রিকেট ছাড়লেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয়েছিল হাসরাঙ্গার। ক্রিকেটীয় জীবনে শেষ টেস্ট খেলেছেন ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর থেকে শুধুই সীমিত ওভারে তাঁকে খেলতে দেখা গেছে। চারটি টেস্ট ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন তিনি। তবে রান করেছেন ১৯৬।
দীর্ঘদিন টেস্ট ক্রিকেট থেকে দূরে রয়েছেন হাসরাঙ্গা। তিনি মনে করেন, টেস্ট ছাড়লে সীমিত ওভারের খেলায় তিনি আরও বেশি উন্নতি করতে পারবেন। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাঁর অবসরের কথা ঘোষণা করেন। টুইট করে জানানো হয়, 'জাতীয় পুরুষ দলের অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গা বোর্ডকে টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসর ঘোষণার কথা জানিয়েছেন।'
ওয়ান ডে ও টি২০ ক্রিকেটে হাসারাঙ্গার পারফরম্যান্স নজরকাড়া। ২০২২ সালে এশিয়া কাপ জয়ের ব্যাপারে অনেক বড় অবদান ছিল শ্রীলঙ্কার এই লেগ স্পিনারের। ছয়টি ম্যাচে তিনি নিয়েছিলেন ন'উইকেট। এছাড়াও টি২০ বিশ্বকাপ ও আইপিএলেও ক্রমাগত ভাল বল করেছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা।
আরও পড়ুন: ধোনি নতুন অবতারে, ছোট্ট মিষ্টি মেয়েকে স্নেহের পরশে ভাসালেন ক্যাপ্টেন কুল