
দুঃস্থদের শীতের পোশাক বিতরণ।
শেষ আপডেট: 19 October 2024 00:17
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাজপথ থেকে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম। দুর্গা পুজোয় দুঃস্থদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র নিয়ে পৌঁছে গিয়েছিল ওরা।
এবার দুয়ারে শীত। তার আগে দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে কলকাতা-সহ জেলায় জেলায় দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নিল শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট।
সমাজসেবা মূলক এই সংস্থার কর্মীরা প্রতি বছরের মতো এবারেও ১৫ অগস্ট থেকে নতুন জামাকাপড় ঝোলাবন্দি করে পুরুলিয়া, মেদিনীপুর-সহ রাজ্যের পিছিয়ে পড়া জেলাগুলির প্রত্যন্ত গ্রামে পৌঁছে অবহেলিত, অভাবী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রায় ১২০০ মানুষের হাতে তুলে দিয়েছেন পুজোর নতুন পোশাক। দুর্গাপুজোর ষষ্ঠী পর্যন্ত চলে এই উপহার বিলি।
মাঝের কয়েকদিনের বিরতির পর ফের ট্রেনে, বাসে চড়ে দুঃস্থদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা। শীতের আগে শীতবস্ত্র তুলে দিতে হবে যে!
সংস্থার অন্যতম কর্মকর্তা সৌমন সাহা বলেন “স্বার্থহীন সামাজিকতার এই দায়বদ্ধতাকে বয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। তাই পূজোর খরচ একটু বাঁচিয়ে সারাবছরই এইসব অবহেলিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর উদ্যোগ।"
তিনি এও বলেন, শুধুমাত্র একটা জামাকাপড় দিয়ে বা একবেলা কাউকে খাইয়ে এই সমস্যার সমাধান হবে না । তাই 'বিদ্যারত্ন স্কলারশিপ' নামে একটি প্রকল্প চালু করে আমরা ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করছি। যাতে তাঁরাও ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের এবং সমাজের পাশে দাঁড়াতে পারে।
শুধু দুঃস্থ মানুষের নয়, বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে ফি-বারই পুজোয় নতুন পোশাক ও শীতে গরম পোশাক তুলে দেন ওরা। ১২ পেরিয়ে এবারে ১৩ বছরে পা দিল এই উদ্যোগ।