
বিবেক অগ্নিহোত্রী
শেষ আপডেট: 13 April 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে পরিস্থিতি থমথমে। কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গের এই জেলায় শনিবার ফের অশান্তি ছড়াল। পুলিশের গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জেলাজুড়ে চলছে ধরপাকড়, এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অন্তত ১১৮ জনকে। এই প্রেক্ষিতেই শনিবার এক বিস্ফোরক অভিযোগ করলেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
নির্মীয়মাণ চলচ্চিত্র 'The Delhi Files'-এর প্রসঙ্গ টেনে বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, মুর্শিদাবাদে চিত্রগ্রহণ করা একপ্রকার "অসম্ভব" হয়ে উঠেছিল। তাঁর কথায়, “সরকার বা পুলিশ—কারও কোনও সহযোগিতা পাইনি। মনে হচ্ছিল, এ যেন কোনও আলাদা দেশ।” তাই বাধ্য হয়ে মুম্বইয়ে সেট বানিয়ে শুটিং করতে হয়েছে বলে জানান তিনি।
শনিবার সকাল থেকেই ফের উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে। শুক্রবার বিকেলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়, আহত হন ১৫ জন পুলিশকর্মী। সেই ঘটনার পর থেকেই এলাকা থমথমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উদ্দেশে শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, ‘‘ধর্মের নামে অ-ধর্মীয় কাজ করবেন না। এই আইন রাজ্যে কার্যকর হবে না।’’
এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে কলকাতা হাই কোর্টও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট নির্দেশ দেয়, অশান্ত এলাকাগুলিতে কেন্দ্রীয় আধাসেনা মোতায়েন করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ‘‘পরিস্থিতি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। আদালত চোখ বন্ধ রাখতে পারে না।’’
উল্লেখযোগ্যভাবে, পরিস্থিতি এতটাই ঘনিভূত যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি-র সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তারা রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই অতিরিক্ত সীমান্ত রক্ষী বাহিনী মুর্শিদাবাদে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সংখ্যাটি আরও বাড়তে পারে। রাজ্য পুলিশের আইনশৃঙ্খলা দফতরের এডিজি জাওয়েদ শামীম জনগণের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, কেউ যেন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর না ছড়ান বা বিশ্বাস না করেন। একই সঙ্গে তিনি শান্তি বজায় রাখার আবেদনও জানান।