
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 21 March 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীতে (Visva Bharati) যে সমস্ত জায়গায় পর্যটকদের ঢুকতে বাধা ছিল, পরবর্তী মাস থেকে তা আর থাকবে না। কর্তৃপক্ষ সূত্রে খবর, রবীন্দ্র ভবন-সহ এ বার বিশ্বভারতীর সমস্ত বন্ধ থাকা জায়গায় ঢুকতে পারবেন পর্যটকরা।
দীর্ঘ ৬ বছর পর খুলে দেওয়া হয়েছে আশ্রমপ্রাঙ্গণ। ক'দিন আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন প্রবীর কুমার ঘোষ (Prabir Kumar Ghosh)। দায়িত্ব নিয়েই বড় ঘোষণা করলেন তিনি।
শুক্রবার ওয়ার্ল্ড হেরিটেজ ও ট্যুরিজম কনফারেন্স থেকে নয়া উপাচার্য বলেন, দীর্ঘ বছর পর বিশ্বভারতীর আশ্রমপ্রাঙ্গণ-সহ বাকি বন্ধ থাকা জায়গাগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হল।
২০১৯-এ করোনা অতিমারির সময় যখন গোটা দেশ ঘরবন্দি। সেই সময় তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সিদ্ধান্ত নেন আশ্রমপ্রাঙ্গণও বন্ধ করে দেওয়া হবে। সেই মতোই এত দিন ধরে বন্ধ রাখা ছিল চত্বর। এবার তা খুলে দেওয়া হল।
পর্যটকদের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা আলোচনা সাপেক্ষ। পরবর্তীতে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।
প্রবীর কুমার ঘোষ ছত্তীসগঢ়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআরের প্রাক্তন ডিরেক্টর তথা প্রাক্তন উপাচার্য। আগামী পাঁচ বছরের জন্য তিনিই বিশ্বভারতীর দায়িত্ব সামলাবেন। বস্তুত, বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের প্রায় ১৫ মাস পরে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে বিশ্বভারতীতে।