
শেষ আপডেট: 18 April 2023 02:08
দ্য ওয়াল ব্যুরো: কুড়ি বছর ধরে জাপান (Japan) সরকার এবং জাপানি ওরিগামি শিল্পীদের তত্ত্বাবধানে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির (Ramakrishna Mission Blind Boys Academy) দৃষ্টিহীন ছাত্ররা তাদের শিল্পসত্ত্বার বিকাশ ঘটিয়ে চলেছে। তাদের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে, এই দৃষ্টিহীন ছাত্ররা প্রমাণ করে চলেছে, মননশীলতা ও শিল্পভাবনার পথে, দৃষ্টিহীনতা কোনও অন্তরায় নয়।

হয়ত তাই, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির দৃষ্টিহীন ছাত্রদের তৈরি করা বর্ণময় ওরিগামি, আজ সারা বিশ্বে সমাদৃত। প্রায় ৭০০০ ওরিগামি দিয়ে, তাদের তৈরি করা সুবিশাল 'পিস ম্যুরাল' ক্যানভাসটি, আজও প্রদর্শিত হচ্ছে আমেরিকার ফ্লোরিডা স্টেট মিউজিয়ামে।
১৯৪৫ সালের ৬ আগস্ট, জাপানের হিরোশিমা শহর ধ্বংস হয়ে গিয়েছিল পারমাণবিক বোমার আঘাতে। সেই মর্মান্তিক স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, প্রত্যেক বছর ৬ আগস্ট, জাপানে পালিত হয় হিরোশিমা দিবস। এই হিরোশিমা দিবসে, খোদ হিরোশিমা শহরে প্রদর্শিত হয়, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির দৃষ্টিহীন ছাত্রদের তৈরি করা ৩.৫ x x৭.৮ মিটারের 'বিশ্ব শান্তি' ম্যুরাল। এভাবেই সারা বিশ্বজুড়ে শান্তির পায়রা উড়িয়ে চলেছে, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির দৃষ্টিহীন ছাত্ররা।
কী কাহিনি লুকিয়ে রেখেছে, এভারেস্টে শুয়ে থাকা বিখ্যাত মৃতদেহ 'গ্রিন বুট'!
আজ ১৮ এপ্রিল এবং আগামীকাল ১৯ এপ্রিল, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 'ইন্টারন্যাশনাল পিস মুরাল' বিষয়ক ওয়ার্কশপ। উপস্থিত থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাপানি ওরিগামি শিল্পী কুনুইয়োসি মুরাতা। উপস্থিত থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালীয় ওরিগামি শিল্পী সাভিনা তারিস্তানো। এই ওয়ার্কশপে অংশগ্রহণ করছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির চল্লিশজন দৃষ্টিহীন ছাত্র।